বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা: সিলেট পুলিশ
খবরটি রটে গেলে স্থানীয় হাজার হাজার জনতা বেরিয়ে আসে, উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়; অনেকে লাইভ করেন।
সিলেট নগরীর আখালিয়া এলাকায় কোরআন শরিফ পোড়ানোর খবর রটিয়ে রাতভর বিশৃঙ্খলা সৃষ্টি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরদিন সোমবার দুপুরে আখালিয়ার ধানুহাটারপাড় এলাকা পরিদর্শন শেষে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের তিনি একথা বলেন।
এরই মধ্যে বিকালে কোরআন পোড়ানোর অভিযোগে নগরীর জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে। এরই মধ্যে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- নগরীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুর রহমান (৫০), কলেজের শিক্ষক মাহবুব আলম (৪৫) এবং খণ্ডকালীন শিক্ষক ক্বারি ইসহাক।
পুলিশ জানায়, রোববার রাতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কোরআন শরিফ পোড়ানো হচ্ছে- এমনটা রটে যায়। তারপরই স্থানীয় হাজার হাজার জনতা বেরিয়ে এলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অনেকে লাইভও করেন। এ সময় পুলিশ সদস্য আহত হন; ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা এই পরিস্থিতি চলে। পুলিশ সেখান থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুর রহমান এবং কলেজের শিক্ষক মাহবুব আলমকে আটক করে থানায় নিয়ে আসে।
সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ সময় সাংবাদিকদের পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বলেন, “এ ঘটনাকে উসকে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লাইভ করেছেন। আর এতে করেই ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
“রাতে যারা ফেইসবুকে লাইভ করেছেন তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছে এবং বাকিদেরও তালিকা করা হচ্ছে। একই সঙ্গে রাতভর বিশৃঙ্খলা ও গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে”, যোগ করেন পুলিশ কমিশনার।
ঘটনার বর্ণনা দিয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, রাত ১০টার দিকে নুরুর রহমান ও মাহবুব আলম কলেজ ক্যাম্পাসে বস্তার ভরে ৪৫টি কোরআন শরিফ কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলার উদ্যোগ নেন। কয়েকজন এটা দেখে ফেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুজনকে মারধর শুরু করে।
“এক পর্যায়ে হাজার হাজার মানুষ ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তখন পুলিশ গিয়ে জনতার হাত থেকে নুর ও মাহবুবকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের দিকে ইট ছুঁড়তে থাকেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও শটগান ব্যবহার করে জানিয়ে উপ-কমিশনার বলেন, রাতে ওই এলাকায় কোতোয়ালি, জালালাবাদ, সিআরটি ও গোয়েন্দা পুলিশের ৫ শতাধিক সদস্য কাজ করে। এ ছাড়া পুলিশের পাশাপাশি র্যাব-৯ এর একটি টিমও কাজ করে।
তিনি আরও দাবি করেন, “গ্রেপ্তার ব্যক্তিরা কোরআন শরিফ পুড়ানোর বিষয়ে বলছেন, তাদের ভুল হয়ে গেছে। একেক সময় একেক অজুহাত দিচ্ছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর তাদেরকে যে ব্যক্তি কোরআন শরিফ দিয়ে গেছে তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করলে বিষয়টি আরও খোলাসা হবে।”
