১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘তীব্র গরমে’ টাঙ্গাইলে সিল্কসিটিতে আগুন, দেড় ঘণ্টা পর চলল ট্রেন

ট্রেন থামানোর সময় গরমের কারণে হাইড্রলিক ব্রেক থেকে আগুন লাগে বলে জানান স্টেশন মাস্টার।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 11:17 PM

Updated : 26 Apr 2024, 11:17 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে উপজেলার মহেড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার সোহেল খান। 

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাজশাহীর উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান তিনি। 

এলাকাবাসী জানান, ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্রসিংয়ের জন্য স্টেশনে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ থামানো হয়। এ সময় ট্রেন থেকে কয়েকজন যাত্রী নেমে হাইড্রোলিক ব্রেকের স্থানে আগুন দেখতে পান। 

ঘটনার পর পর স্টেশন ও ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার খবরে আতঙ্কিত যাত্রীদের ট্রেন থেকে লাফিয়ে নামতে দেখা যায়। 

মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান বলেন, “সিল্কসিটি ট্রেনটি থামানোর সময় গরমের কারণে হাইড্রলিক ব্রেক থেকে আগুন লাগে। তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।” 

ঘটনার প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর রাজশাহীর উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান তিনি।