কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
এ কর্মশালাকে একটি ‘বৈপ্লবিক প্রচেষ্টা’ বলে বর্ণনা করেন জেলার প্রবীণ সাংবাদিকে আব্দুর রশিদ।
কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতায় দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় `দশ দিকেতে পড়ব লুটে’ প্রতিপাদ্যে পৌর শহরের খেয়া রেস্তোরাঁর সেমিনার কক্ষে এর উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও লেখক আব্দুর রশিদ চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী।
উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রশিদ বলেন, নিবিড় অনুশীলন ও চর্চার মধ্য দিয়েই কেবল কোনো বিষয়ে শিক্ষার গোড়া পত্তনকে দৃঢ় ও সমৃদ্ধ করে। এই বিবেচনায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সারা দেশে শিশুদের যোগ্য বার্তা বাহক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।
“এটি সত্যিই একটা বৈপ্লবিক প্রচেষ্টা বটে। এই কর্মশালা থেকে অংশ গ্রহণকারী শিশুর মধ্যেও সেই জাগরণ ঘটুক সেই প্রত্যাশা করছি।”
ইউনিসেফ- এর সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক আফরিন মিম।
দুদিনের কর্মশালা শনিবার বিকালে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, দ্য ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের শিক্ষক আশরাফুজ্জামান, লেখক সরকার মো. আখতারুজ্জামান হাফিজ সরকার ও মহিবুল হক উপস্থিত ছিলেন।
