নারায়ণগঞ্জে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
পুলিশের ধারণা, ইজিবাইক ছিনতাই করে ফরহাদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার আনন্দ হাউজিং এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।
নিহত ২০ বছর বয়সি মো. ফরহাদ উপজেলার ভিংরাবো এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক আতাউর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি ফরহাদ।
পরদিন সকালে আনন্দ হাউজিং এলাকায় অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজন ফরহাদকে শনাক্ত করেন।
পুলিশ পরিদর্শক আরও বলেন, “মরদেহের গলায় ফাঁস দেওয়ার মতো আঘাতের চিহ্ন ও মুখে রক্ত দেখা গেছে।ঘটনাস্থলের আশপাশে কোনো ইজিবাইক পাওয়া যায়নি।”
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
