২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৮৭ জেলে আটক

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৮৭ জেলে আটক

জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 01:16 PM

Updated : 25 Oct 2023, 01:16 PM

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলেকে আটক করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ৩১ জনকে ও ৩৮ জেলের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জরিমানা করা হয়েছে চার জনকে। ছেড়ে দেয়া হয়েছে অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে।

বুধবার দুপুরে নৌ পুলিশের ওসি মো. কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়।

Image

নৌ পুলিশের অভিযানে আটক জেলেদের একাংশ।

এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, চার জেলেকে এক হাজার টাকা করে জরিমানা, ১৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়। বাকী ৩৮ জেলের বিরুদ্ধে ১৫টি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া এসব ঘটনায় ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৪৫২ কেজি ইলিশ, ২৭টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।

Image

সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক জেলেরা।

এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর টাস্কফোর্সের অভিযানে চার জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

এছাড়াও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্ট গার্ড ও নৌ পুলিশের পৃথক দল সহযোগিতা করে।