গোপালগঞ্জে বাইক চালককে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
২০০৮ সালের ২৩ মে সড়কের পাশ থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জে ক্ষুদ্র তেল ব্যবসায়ী ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আলী আকবর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মোল্লাবাড়ির সুমন মোল্লা (৩৫) এবং একই গ্রামের ফরাজীবাড়ির নুরু ফরাজী ওরফে নুরুল (৩৪)।
মামলার বরাতে আইনজীবী বলেন, আসামি সুমন মোল্লা ও নুরুল ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় পার্শ্ববর্তী রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামে যাওয়ার কথা বলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটরসাইকেল ভাড়া করেন।
পরদিন গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের হাবিব নগর এলাকার সড়কের পাশ থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই আলী আহম্মদ বাদী হয়ে হত্যা মামলা করেন।
তদন্তে নেমে পুলিশ প্রথমে সুমন মোল্লাকে গ্রেপ্তার করে। সুমনের স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত নুরুলকেও গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ২০০৯ সালের ১৪ জানুয়ারি গোপালগঞ্জ সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোক্তার হোসেন ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তবে মামলা চলাকালে জামিন নিয়ে পালিয়ে যান দুই আসামি।
আইনজীবী আরও বলেন, মৃত্যুদণ্ড ছাড়াও আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয় রায়ে।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব আলম।
