১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তিন সন্তান নিয়ে কীর্তিনাশায় ঝাঁপ, মা-ছেলে নিখোঁজ

শরীয়তপুরের ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল সালমা ও তার ছেলে আবিরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 06:57 PM

Updated : 05 Nov 2023, 08:24 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিন শিশুসন্তান নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। এ ঘটনায় দুইজনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ওই নারী ও তার এক ছেলে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর বন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান। 

নিখোঁজরা হলেন- উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বয়াতি কান্দি গ্রামের বাহার মাদবরের স্ত্রী সালমা বেগম (৩০) এবং তার সাত বছর বয়সী ছেলে আবির।

জীবিত উদ্ধার করা হয়েছে- বাহার মাদবরের তিন বছরের মেয়ে অনিকা ও এক বছরের ছেলে সোলায়মানকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ভোজেশ্বর বন্দরের পাটের দোকান কর্মচারী বাহার মাদবরের সঙ্গে তার স্ত্রী সালমা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।

“সকাল সাড়ে ১০টার দিকে টিকা দেওয়ার কথা বলে তিন শিশু সন্তানকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি থেকে বের হন সালমা।

ওসি আরও বলেন, “এরপর পথে অটোরিকশা থেকে নেমে সালমা তিন সন্তানকে নিয়ে হঠাৎ কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা শিশু অনিকা ও সোলায়মানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।”

ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল সালমা ও তার ছেলে আবিরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে সালমার স্বামী বাহার মাদবরকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

ইজিবাইক চালক রাসেল মাদবর বলেন, “বাড়ি থেকে টিকা দেওয়ার কথা বলে ভোজেশ্বর যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন সালমা ও তার তিন সন্তান। পথে তিনি তার সন্তানদেরকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন।”