জুয়ার আসরে পুলিশের অভিযান, সুরমায় ঝাঁপ দিয়ে প্রাণ গেল রিকশা চালকের
সিলেট নগরের কানিশাইল এলাকায় শিলং তীরে এ ঘটনা ঘটে।
সিলেট নগরীতে জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে সুরমা নদীতে ঝাঁপ দেওয়া এক রিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর কানিশাইল এলাকায় শিলং তীরে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন জানিয়েছেন।
নিহত জজ মিয়া (৬০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের বাসিন্দা। তিনি সিলেট নগরীতে ভাড়া বাসায় থাকতেন। জজ মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে দাবি পুলিশের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে গোপন খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরের কানিশাইল এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড় দেন। এর মধ্যে জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দিলে তলিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মো. আফজল হোসেন বলেন, জজ মিয়াকে উদ্ধারের সময় পুলিশ দুইজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।
