পটুয়াখালীতে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পটুয়াখালী বাউফল উপজেলায় ৩৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কারখানা লঞ্চঘাট থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয় বলে বাউফল থানার ওসি আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আটকরা হলেন-উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ এলাকার নজরুল ইসলাম সরদারের ছেলে লিমন সরদার (২২) ও একই ইউনিয়নের বীরপাশা গ্রামের মমিন হাওলাদরের ছেলে মো. শাকিল হাওলাদার (২১)।
ওসি বলেন, “আমিসহ পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে কারখানা লঞ্চঘাটে অবস্থান নেয়। সেখানে লঞ্চ থেকে গাঁজা ভর্তি ব্যাগ রিসিভ করে অটোরিকশায় ওঠানোর সঙ্গে সঙ্গে তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।”
উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
