২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ জানায়, কী কারণে রুবাইয়াকে হত্যা করা হয়েছে তা এখনও না যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 04:40 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

গাজীপুর মহানগরীতে ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের উপর এ ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই রোকনুজ্জামান জানান। 

নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী। 

এসআই রোকনুজ্জামান বলেন, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে বাসন এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন রুবাইয়া। বুধবার রাতে কারখানা ছুটির পর তিনি ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাসায় ফিরছিলেন। 

“এ সময় ওই ইজিবাইকে আরও দুই যাত্রী ছিল। এক পর্যায়ে তাদের ইজিবাইকটি বাইমাইল ব্রিজে এসে পৌঁছালে মোটরসাইকেলে করে তিন যুবক এসে গাড়িটি থামায়। এ সময় ওই নারী সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবাইয়াকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।” 

রোকনুজ্জামান বলেন, পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসআই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।