২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছিনতাইয়ের জন্য’ যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে খুন

একটি নির্জন স্থানে অটোরিকশা চালক মোফাজ্জলকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

‘ছিনতাইয়ের জন্য’ যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে খুন

অটোরিকশা চালক হত্যায় জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 05:34 PM

Updated : 24 Oct 2022, 06:08 PM

ময়মনসিংহের ভালুকায় এক অটোরিকশা চালককে হত্যায় জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-১৪ সদরদপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মহিবুল ইসলাম খান জানান, রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের বাবু মিয়া (২৩), গফরগাঁওয়ের চর মসলন্দ গ্রামের রিয়াল মিয়া (২২), সুনামগঞ্জ জেলার কুশিয়ারা গ্রামের শামীম (১৯), গাজীপুরের মাওনা উত্তরপাড়ার নাইম আহমেদ (২৪) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব-১৪ অধিনায়ক মহিবুল ইসলাম খান জানান।

Image

ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করেছে র‌্যাব

গ্রেপ্তারদের স্বীকারোক্তির বরাতে র‌্যাব অধিনায়ক বলেন, “গত বুধবার সন্ধ্যার দিকে মোফাজ্জল হোসেনের (২৬) অটোরিকশায় একজন কিশোরসহ চারজন যাত্রী ওঠেন। তারা ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রাম থেকে জৈনাবাজার যাওয়ার কথা বলেন।

“অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পর একটি নির্জন এলাকায় তারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মোফাজ্জলকে হত্যা করে। হত্যার পর ইজিবাইক, নগদ পাঁচ হাজার টাকা এবং মোবাইল নিয়ে যায় তারা।”

এ ঘটনায় বৃহস্পতিবার নিহত মোফাজ্জলের বাবা দুলাল মিয়া অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ভালুকা থানায় মামলা করেন।

গ্রেপ্তারদের ভালুকা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব অধিনায়ক মহিবুল ইসলাম খান।

নিহত অটোরিকশা চালক মোফাজ্জল হোসেন (২৬) ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের বাসিন্দা।