২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে চার সাংবাদিকের উপর হামলা

আজিজুর রহমান মন্ডলের বাড়ি থেকে ফিরে আসার সময় তার ছেলে ‘সাহেব মন্ডলের’ নেতৃত্বে ২০/২৫ জন লোক চার সাংবাদিকদের ওপর হামলা চালায়।

লালমনিরহাটে চার সাংবাদিকের উপর হামলা

আনিসুর রহমানের কপালে ক্ষতের সৃষ্টি হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 12:29 AM

Updated : 13 Aug 2022, 12:36 AM

পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাট সদরে চার সাংবাদিক হামলায় আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোরপাড় দিনাদুলি গ্রামে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন আনিছুর রহমান, আবদুর রব, মাহফুজুল ইসলাম ও আহসান সাকিব। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে আনিছুর রহমানের কপালে ও মাহফুজুল ইসলামের বাম হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে।

হামলাকারীরা আনিছুর রহমানের ভিডিও ক্যামেরা, ট্রাইপড ও হেলমেট ভাংচুর করেছে বলে আহত সাংবাদিকরা জানান।

যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতির সিন্দুরিয়া গ্রামের দুই সন্তানের জননী এক নারী এবং পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান মন্ডলের ছেলে ও ২ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি সুলতান হোসেন মন্ডল গত ৭ অগাস্ট পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

“এ ঘটনায় ওই নারীর স্বামী ৯ অগাস্ট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু তিন দিনেও লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করতে না যাওয়ার অভিযোগ করে ওই পরিবার।”

ওই নারীর স্বামী সাংবাদিকদের বলেন, “থানায় জিডি করেই ভয়ে আছি। এখন বাড়িতে সাংবাদিক আসলেন, এ নিয়েও সমস্যা হতে পারে। ওদের অনেক শক্তি, আমার দুই সন্তান নিয়ে অকুল পাথরে আছি। আবার যদি ওদের নামে মামলা দায়ের করি আমাকে খুন করে ফেলবে।”

এ ব্যাপারে খোঁজ নিতে গিয়েই এ চার সাংবাদিক হামলার শিকার হন বলে তাদের ভাষ্য।

এ ব্যাপারে পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান মন্ডলের সাকোরপাড় দিনাদুলি গ্রামের বাড়িতে গিয়ে দেখা করে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ওরা দুজন সাবালক, বিয়ে করেছে। সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করা যায়। ওদের যদি সমস্যা না হয় সাংবাদিকের কী?”

Image

আনিসুর রহমান

মাহফুজুল ইসলাম বলেন, আজিজুর রহমান মন্ডলের বাড়ি থেকে ফিরে আসার সময় তার ছেলে সাহেব মন্ডলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক চার সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে সাহেব মন্ডলের মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হামলার সংবাদ পেয়ে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন।

তিনি বলেন, “দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”