২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পুলিশের।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 09:17 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আগুন লেগে একটি মার্কেটের ১৯টি দোকান পুড়ে গেছে। 

উপজেলার জালিয়াপাড়া এলাকার ‘হাজ্বী ইসমাইল মার্কেটে’ শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন লাগার পর মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে দোকান মালিকরা মালামাল রক্ষা করতে পারেননি। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। 

স্থানীয়দের পাশাপাশি বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

ওসি এনামুল বলেন, “একটি টায়ারের দোকান থেকে আগুন লাগে। খবর পেয়ে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা। 

তবে ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।