১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে ১৬ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী সিলেটে আসেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 05:28 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কোটি টাকার সোনার বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সোনা পাওয়া যায় বলে সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান।

আটক হোসেন আহমদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুলবাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, সকালে দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫টি সোনার বার ও তিনটি জুস মেশিনের রিং পাওয়া যায়।

জব্দ করা সোনার ওজন ১৫ কেজি ৯১০ গ্রাম; যার আনুমানিক মূল্য ১৬ কোটি ৩৬ লাখ বলে জানান তিনি।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিমানবন্দরের এই কর্মকর্তা।