বিএসএফের গুলিতে নিহত মোনতাজের লাশ ছয় দিন পর হস্তান্তর
দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয় বিএসএফ।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত এক ব্যক্তির লাশ ছয় দিন পর হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশের কামারপাড়া সীমান্তের বিপরীতে ভারতের বিজয়নগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত মোনতাজ আলী (৪০) দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সদস্য হযরত আলী জানান, মোনতাজ আলীসহ কয়েকজন গত শনিবার রাতে গরু আনার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ৮৩ নম্বর মেইন পিলারের কাছে পৌঁছলে বিএসএফ গুলিবর্ষণ করে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোনতাজ আলী মারা যান। মোনতাজের অন্য সঙ্গীরা পালিয়ে আসেন। পরে বিএসএফ সদস্যরা মোনতাজের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
শুক্রবার লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী, চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী, ভারতের কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি ও বিএসএফের পরিদর্শক মহেশ রায় উপস্থিত ছিলেন।
দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী বলেন,মরদেহ গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
