২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর

মোনতাজ আলীকে ভারতের ভেতরে গুলি করে হত্যার পর বিএসএফ সদস্যরা লাশ নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 04:59 PM

Updated : 09 Oct 2022, 05:04 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া সীমান্তে গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন; তাকে বিএসএফ হত্যা করেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

শনিবার গভীর রাতে সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির ভারতীয় অংশে এ ঘটনায় নিহত ৪০ বছর বয়সী মোনতাজ আলী দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফল কবির বলেন, মোনতাজসহ আরও কয়েকজন শনিবার রাতে গরু আনার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ৮৩ নম্বর মেইন পিলারের কাছে বিষ্ণুপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করে।

“এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোনতাজ আলী নামের একজন মারা গেছে বলে আমি শুনেছি। এ সময় অন্যরা পালিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।”

ছোটবলদিয়া গ্রামের কাবিল হোসেন বলেন, মোনতাজ আলীকে ভারতের ভেতরে গুলি করে হত্যার পর বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে। মোনতাজ গরুর ব্যবসা করতো এবং মাঝে মধ্যেই ভারতে যেতো ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, “মোনতাজ নিখোঁজ আছে বলে শুনেছি। তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।”