২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মজীবনের শেষ দিনটি ভোটের দায়িত্বে কাটালেন শিক্ষক গিরীলাল

লালমনিরহাট-৩ আসনের একটি ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এ সহকারী শিক্ষক।

কর্মজীবনের শেষ দিনটি ভোটের দায়িত্বে কাটালেন শিক্ষক গিরীলাল
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাকুচি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন গিরীলাল চন্দ্র বর্মন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

লালমনিরহাটের গিরীলাল চন্দ্র বর্মন। পেশায় স্কুল শিক্ষক। দীর্ঘ চাকরি জীবনে তার শেষ কর্মদিবসটি কাটল জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সদর উপজেলার একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের মাধ্যমে কর্মজীবনের ইতি টানলেন গিরীলাল। 

তিনি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিন তিনি জেলা শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোটের দায়িত্ব পালন করেন।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ঘুঘুজান গ্রামের বাসিন্দা গিরীলাল তিন সন্তানের জনক। তার বড় ছেলে নৌবাহিনীতে কর্মরত এবং দ্বিতীয় ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ল্যাব সহকারী হিসেবে কাজ করছেন।

কর্ম জীবনের শেষ দিনে এমন দায়িত্ব পালনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে গিরীলাল বলেন, “চাকরি জীবনের শেষ দিন রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পেরেছি, এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি এক অনন্য প্রাপ্তি।”

একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের তুষভাণ্ডার শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাতে আমরা জানতে পারি যে এটি ওনার (গিরীলাল) শেষ কর্মদিবস। দায়িত্ব পালন শেষে সব সহকর্মী মিলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় জানানোর পরিকল্পনা করেছি।”