কুড়িগ্রামে মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু
অজ্ঞাত পরিচয় ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম শহীদ জিয়া বাজার (পুরাতন পশু হাসপাতাল মোড়ে) এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি ফরিদ হাসান।
অজ্ঞাত পরিচয় ওই নারীর আনুমানিক বয়স (৪০)। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শহীদ জিয়া বাজারের মাংস ব্যবসায়ী ইমন আলী বলেন, “ওই নারী প্রায় ১৫ দিন থেকে রাস্তার পাশে ঘুমাতেন। অনেক সময় রাস্তার মাঝে বসে থাকত। নিজের নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারতেন না তিনি।”
ট্রাক শ্রমিক ও স্থানীয়দের বরাতে ওসি ফরিদ বলেন, ভোর বেলা ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী একটি বেপরোয়া মাইক্রোবাস চাপা দিল ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নারীর পরিচয় ও মাইক্রোবাসটি চিহ্নিতের চেষ্টা চলছে, পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
