১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে নানা আয়োজনে কমরেড মণি সিংহকে স্মরণ, শ্রদ্ধা

মণি সিংহের সংগ্রামবহুল জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

জন্মদিনে নানা আয়োজনে কমরেড মণি সিংহকে স্মরণ, শ্রদ্ধা
কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের জন্মদিন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 09:57 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের জন্মদিন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।   

এ উপলক্ষে রোববার সকালে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে উপজেলার মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনন হয়। 

পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা কমিটির ভারপ্রাপ্ত  আহ্বায়ক মণি সিংহের একমাত্র সন্তান দিবালোক সিংহ।

পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

শেষে মণি সিংহের সংগ্রামবহুল জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। 

দিবালোক সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পারভীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞাঁ (শিপার), সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুমন কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম। 

বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার বলেন, “মণি সিংহ ছিলেন সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরিব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক। তিনি আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।”

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক বলেন, “মণি সিংহ আজীবন বিপ্লবী। একজন আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও আপোষহীন নেতা ছিলেন। দেশপ্রেমিক এই মহান নেতা জনগণের সামনে আলোকবর্তিকা হয়ে থাকবেন চিরদিন।”

১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন মণি সিংহ। তিনি বৃটিশবিরোধী ও টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি ছিলেন। ১৯৯০ সালের ৩১ ডিসেস্বর তিনি মারা যান।