২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দাবি

দুর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 11:51 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দাবিতে সাতক্ষীরা সদরে দুর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের রাধানগরে প্রাণসায়ের খাল সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ ও ‘মাল্টি এক্টর পার্টনারশিপ-ম্যাপ’।

এতে সংহতি জানায় বেসরকারি সংগঠন অ্যাওসেড ও সিডিআরএফআই। সভাপতিত্ব করেন ম্যাপ ও ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ভারত্বেশরী বিশ্বাস।

আলোচনা করেন- নাগরিক নেতা মাধব দত্ত, ম্যাপ সাতক্ষীরা জেলার সদস্যসচিব ও প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আমিনা বিলকিস ময়না, জলাবদ্ধ ভুক্তভোগী এলাকার নাগরিক নেতা ইমরান হোসেন সরদার, অ্যাওসেডের বাহালুল আলম, চায়না দাস, বারসিকের কর্মকর্তা মাহিদা মিজান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা কওছার আলী, আব্দুস সামাদ এবং প্রভার পরিচালক শাম্মি আকতার কুমকুম।

অধ্যাপক ভারতেশ্বরী বলেন, আজারবাইজানে রাজধানী বাকুতে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন-কপ এর ২৯তম জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিশ্বশান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে অঙ্গীকার সুসংহত করা। এই আহ্বানের সঙ্গে সংহতি জানিয়ে পরিবেশবাদী, ক্ষতিগ্রস্ত নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পরিবেশকর্মী মাধব দত্ত বলেন, বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বিশ্বের প্রধান গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক ৫০ সেলসিয়াসের মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।