১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঝোপে পড়েছিল পিস্তল, লেখা ‘মেড ইন ইন্ডিয়া’

ম্যাগাজিনসহ পিস্তলটি সক্রিয় অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।

চাঁদপুরে ঝোপে পড়েছিল পিস্তল, লেখা ‘মেড ইন ইন্ডিয়া’
চাঁদপুরের মতলব উত্তরে পরিত্যক্ত ঝোপের মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপের মধ্য থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় এসআই জাফর আহমেদ ও এএসআই মো. রবিউল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপের ভেতর একটি পিস্তল পড়ে আছে।

পরে ঘটনাস্থল থেকে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে সংরক্ষিত ম্যাগাজিনসহ একটি সক্রিয় পিস্তল উদ্ধার করা হয়।

ওসি রবিউল হক বলেন, উদ্ধার করা পিস্তলটি ভারতের তৈরি। এটির গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।