বিএনপির ফরিদপুরের সমাবেশ কোমরপুরে
বিএনপির একদল নেতা সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের এই মাঠ পরিদর্শন করেছেন।
বিএনপির পঞ্চম সমাবেশ হবে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে।
সোমবার কেন্দ্রীয় ও জেলা বিএনপির একদল নেতা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এই মাঠটি পরিদর্শন করেছেন।
আগামী ১২ নভেম্বর এই সমাবেশ আয়োজন করছে বিএনপি। এর আগে দলের পাঁচটি সমাবেশ হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও বরিশালে।
জেলা বিএনপির নেতারা জানান, গত ১২ সেপ্টেম্বর বিএনপি এ গণসমাবেশের জন্য অম্বিকা ময়দান, জনতা ব্যাংকের মোড় ও ফরিদগপুর জিলা স্কুলের মাঠ – এই তিনটির যেকোনো একটি চেয়ে তারা জেলা প্রশাসক অতুল সরকারের কাছে লিখিত আবেদন করেন। এরপর ১৬ সেপ্টেম্বর জেলা বিএনপি সরকারি রাজেন্দ্র কলেজের মাঠও আগের আবেদনে যুক্ত করেন।
দলের নেতারা আরও জানান, রোববার সকালে বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও দুপুরে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে রাজেন্দ্র কলেজের মাঠ দেওয়ার আবেদন জানান। তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ প্রস্তাব নাকচ করে দেন।
পরে শহর থেকে আনুমানিক ছয় কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে করার মৌখিক অনুমতি দেয় প্রশাসন।
এই স্থানে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলীয় কর্মসূচিতে বক্তব্য রেখেছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছা বলেন, দেশের অন্য যে সব জায়গায় গণ-সমাবেশ হয়েছে সেসব জায়গায় বিএিনপি যে মাঠ চেয়েছে প্রশাসন সেই মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে। কিন্তু ফরিদপুরে এর ব্যাতিক্রম ঘটল।
মোদাররেছ আলী বলেন, “প্রশাসন যে মাঠটি বরাদ্দ দিয়েছে সেটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। আমাদের ধারণা ১০ নভেম্বর থেকেই জনতার চাপে ওই মহাসড়ক আটকে যাবে। তখন সমগ্র দক্ষিণবঙ্গে যান বাহন চলাচলের সমস্যা হবে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও তারা আমাদের ওই মাঠটি বরাদ্দ দিয়েছে।”
সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠটি পরিদর্শন করেন বলে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও প্রেস উপ-কমিটির আহবায়ক এ বি সিদ্দিকী মিতুল জানান।
এ পরিদর্শনের সময় দলের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্য সচিব এ কে কিবরিয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম ওরফে জঙ্গী উপস্থিত ছিলেন।
গণ-সমাবেশ সফল করার জন্য জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের পক্ষে নিজের ও নেতাদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার টানানো শুরু হয়েছে। ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অলিতে গলিতে এ ব্যানারগুলি টানানো হচ্ছে।
এদিকে, বিএনপির সমাবেশের আগের দিন ১১ নভেম্বর বিকালে জেলা আওয়ামী লীগ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও শাহ মোহাম্মদ ইশকিয়াক আরিফ স্বাক্ষরিত একটি চিঠি জেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, সারা দেশব্যাপী বিএনপি কর্তৃক আগুন সন্ত্রাস, ভাংচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আগামী ১১ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শহরের শেখ রাসেল স্কোয়ারে একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
এতে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়।
আওয়ামী লীগের এ কর্মসূচির বিষয়ে বিএনপির সমাবেশ কমিটির সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, “আমরা বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছি অন্তত দুই মাস আগে। অথচ আমাদের সমাবেশের আগের দিন জেলা আওয়ামী লীগ সমাবেশ মিছিল করার একটি কর্মসূচি দিয়েছে ফরিদপুর শহরে।”
বিএনপির সমাবেশের আগের দিন এ সমাবেশ করা থেকে বিরত থাকতে তিনি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ বলেন, “১১ নভেম্বর আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা পালন করব। এটি পাল্টা-পাল্টি কোনো বিষয় না। বিএনপি তাদের সামবেশ করবে, আমরা আমাদের সমাবেশ করব।”
বিএনপির সমাবেশ বাধা দেওয়ার উদ্দেশ্য তাদের নেই বলে জানান তিনি।
