অর্ধেক মাথা কাদাপানিতে পোঁতা ছিল বৃদ্ধের, পাশেই গরুর লাশ
“হত্যার পর মাথা পুঁতে রাখা হয়েছে কিনা বিষয়টি বোঝা যাচ্ছে না। তবে বৃদ্ধের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি,” বলেন ওসি।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্রিজের নিচের কাদাপানিতে অর্ধেক মাথা পুঁতে রাখা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃদ্ধের পাশেই তার একটি গরু পাওয়া গেছে মৃত অবস্থায়, সেটার মাথাও ছিল কাদায় পোঁতা।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রোববার রাত ৮ টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কে তারাকান্দা ব্রিজের নিচ থেকে ওই বৃদ্ধের লাশ এবং মৃত গরুটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে ওই ঘটনা ঘটল, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ।
নিহত বাজিত আলী (৫৫) তারাকান্দা দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে। বাজিত মানুষের বাড়ি বাড়ি ঘুরে মুরগি কিনে তারাকান্দা বাজারে বিক্রি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল খায়ের বলেন, রোববার সকালে ঘাস খাওয়াতে দুটো গরু নিয়ে বাড়ি থেকে বের হন বাজিত। ঘণ্টাখানেক পর একটি গরু একাই দৌঁড়ে বাড়িতে ফিরে যায়।
বাড়ির লোকজন মনে করে কিছুক্ষণ পর হয়ত বাজিত আলী অন্য গরু নিয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও বাজিত আলী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়।
সন্ধ্যার পর তারাকান্দা বাজারে ওঠার আগে ব্রিজের নিচে একটি মরদেহ ও গরু মৃত অবস্থায় আছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আবুল খায়ের বলেন, “বাজিত আলীর মাথা অর্ধেক এবং তার পাশে গরুর মাথা কাদাপানিতে পুঁতে রাখা ছিল। হত্যার পর মাথা পুঁতে রাখা হয়েছে কিনা বিষয়টি বোঝা যাচ্ছে না। তবে বৃদ্ধের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”
ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।ইতোমধ্যে ডিবি পুলিশ ও সিআইডি কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।
