১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সেতু‌তে একদিনে রেকর্ড পৌনে ৪ কো‌টি টাকা টোল আদা‌য়

২৪ ঘণ্টায় সেতু হয়ে ৫৩ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:53 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ঈদুল আজহা উপলক্ষে উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে; যা ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু হয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপারের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান।

এর আগে ঈদযাত্রায় ২০২৩ সা‌লে ২৭ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দি‌য়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হ‌য়; যেখান থেকে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

আহসানুল কবীর পাভেল বলেন, বৃহস্প‌তিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে চলাচল করা ৫৩ হাজার ৭০৮টি প‌রিবহন থেকে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

এর ম‌ধ্যে সেতুর পূর্ব টোল প্লাজা হ‌য়ে উত্তরের পথে গেছে ৩৩ হাজার ২৫‌টি যানবাহন; যেখান থেকে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ছয় লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া প‌শ্চিম টোল প্লাজা হ‌য়ে ঢাকার পথে আসে ২০ হাজার ৬৮৩‌টি পরিবহন; আর টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

সেতুর ওপর দিয়ে পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১২ হাজার ৮৭১টি যাত্রীবাহী বাস, ১০ হাজার ৭৬০‌টি ট্রাক, ১৯ হাজার ৮৭২‌টি ছোট-বড় প‌রিবহন এবং ১০ হাজার ১০৫‌টি মোটরসাইকেল বলে জানান প্রকৌশলী আহসানুল।

গত ২৪ ঘণ্টায় যে টোল আদা‌য় হ‌য়ে‌ছে; তা সেতু‌ চালু হওয়ার ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ বলে দাবি আহসানুল কবীরের।

আরও পড়ুন:

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়