১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়

এই সময়ে গাড়ি পারাপার হয়েছে মোট ৪০ হাজার ৯০৬টি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:11 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

কোরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা অনেক বেড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে টোল আদায়। 

২৪ ঘণ্টায় যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে মোট ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

এর মধ্যে কোরবানির পশু ও পণ্যবাহী পরিবহন বেশি পারাপার হয়েছে বলে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান।

তিনি বলেন, “বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।”

এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২২ হাজার ৬৪৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

অপরদিকে সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৮ হাজার ২৬১টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। 

মহাসড়কে যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করা হয়েছে। 

প্রকৌশলী পাভেল জানান, কর্মস্থল ছুটি হওয়ার কারণে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এদিকে শুক্রবার ভোর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা থেকে ঢাকার দিকে কোথাও কোথাও থেমে থেমে ও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। 

একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রথমে জট শুরু হয়। এরপর ট্রাকটি সরিয়ে নিলেও যানবাহনের গতি ছিল ধীর।