সাতক্ষীরায় ৫টি সোনার বারসহ যুবক আটক
আটক যুবকের মানিব্যাগ থেকে সোনার বারগুলো জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মানিব্যাগ থেকে পাঁচ পিস সোনার বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান।
আটক আতিয়ার রহমান (৩৫) যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ওসি মোস্তাফিজুর বলেন, গোপন খবর পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আতিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
পরে তার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে পাঁচ পিস সোনার বার উদ্ধার করা হয় বলে তিনি জানান। এ ছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করার কথা জানায় পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মোস্তাফিজুর।
