১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে জমি চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক

শাহীন গাজী বলেন, প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা চাষ করে আসছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 01:38 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

সাতক্ষীরা সীমান্তে এক বাংলাদেশি কৃষকের জমি চাষে বাধা দিয়েছে বিএসএফ। পরে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। 

রোববার দুপুরে লক্ষ্মীদাঁড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখায় এই পতাকা বৈঠক হয়েছে বলে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান।  

লক্ষ্মীদাঁড়ি গ্রামের নজরুল গাজীর ছেলে শাহীন গাজী বলেন, বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে চাষ করে আসছেন। শনিবার বিকালে তার বাবা দুজন শ্রমিক নিয়ে সেই জমি চাষ করতে যান। তখন ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। 

“তারা ওই জমি ভারতের বলে দাবি করেন। পরে বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পারেন। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।”

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন বলেন, পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি-৩৩ সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রমেশ কুমার।

“বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই শূন্যরেখা এলাকায় নির্মাণ কাজ চালাবে না- এমন সিদ্ধান্ত হয়েছে।” 

তবে এ নিয়ে সাতক্ষীরা সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানান বিজিবি কর্মকর্তা।