অর্থ আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার জেল-জরিমানা
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির থাকলেও একজন পলাতক আছেন।
দুদকের করা অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ড ও পাঁচ লক্ষাধিক টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে দুদক কুষ্টিয়ার কৌঁসুলি আল মুজাহিদ হোসেন জানান।
সাজাপ্রাপ্তরা হলেন- গ্রামীণ ব্যাংকের মেহেরপুর মুজিবনগর শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও যশোর ঝিকরগাছা উপজেলার নোয়ালী গ্রামের এসএম শরিফুজ্জামান (৪০), শাখা ব্যবস্থাপক ও ঝিনাইদাহের শৈলকুপার জিয়াউর রহমান (৪০) এবং সিনিয়র শাখা ব্যবস্থাপক ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের সোহেল রানা (৩৯)।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির থাকলেও সোহেল রানা পলাতক।
দুদক কৌঁসুলি জানান, জরিমানা অনাদায়ে আসামিদের আরও ৬ মাস করে বিনাশ্রম কারাবাসে থাকার আদেশ দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া কিছু গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১২ মার্চ দুদকের একটি দল ব্যাংকটির মুজিবনগর শাখায় অভিযান চালায়। এ সময় ২০১৩ সালের অগাস্ট থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি সময়কালের মধ্যে গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণ সংশ্লিষ্ট ১৬টি খাতের কাগজপত্র পরীক্ষা করে দুদক। সেখানে ভুয়া নামে ঋণ বিতরণ ও পরস্পর যোগসাজসে জাল স্বাক্ষর করে ঋণ গ্রহীতাদের কাছ থেকে আদায়কৃত কিস্তির প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক। এ ঘটনায় ২০১৭ সালের ৩১ অক্টোবর দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনের নামে মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মার্চ এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
