২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুঃসহ গরমে ভয়াবহ লোডশেডিং, নাকাল গ্রাহক

আগামী মাস থেকে এই সমস্যা থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জে দুঃসহ গরমে ভয়াবহ লোডশেডিং, নাকাল গ্রাহক

সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2022, 01:37 PM

Updated : 05 Oct 2022, 01:37 PM

সরকারি ছুটির দিনেও সুনামগঞ্জে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক কিছুটা বিঘ্নিত সেবা পেলেও পল্লী বিদ্যুতের পৌনে চার লাখ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন নামকাওয়াস্তে। ফলে দুঃসহ গরমে চরম ভোগান্তি পোহাচ্ছে এ জেলার গ্রাহকরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহ থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী মাস থেকে এই সমস্যা থাকবে না।

ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বিদ্যুতের ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানসহ শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের দুর্ভোগ বেড়েছে। 

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বর্তমানে জেলায় প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়া যায় ২০ মেগাওয়াটের মতো। যার ফলে প্রতি ৩-৪ ঘণ্টা পর পর টানা এক ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।

Image

সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চাহিদার তুলনায় ৫৫ ভাগ বিদ্যুৎ পাচ্ছে। ফলে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের ৫৯টি ফিডার দুই ঘণ্টা পর পর বন্ধ রাখতে হচ্ছে। গ্রামাঞ্চলে তারা মাত্র ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করতে পারছে।

জেলা শহরের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আওতাধীন সাড়ে আট মেগাওয়াটের মধ্যে মাত্র সাড়ে পাঁচ মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের গ্রাহকরা ২৪ ঘণ্টার মধ্যে ছয় ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, “পল্লী বিদ্যুতের গ্রাহক হিসেবে আমরা সবসময়ই বিদ্যুৎ প্রাপ্তির দিক দিয়ে বঞ্চিত। পল্লী বিদ্যুৎ উন্নত এলাকায় যেভাবে বিদ্যুৎ দেয় আমাদেরকে তেমনভাবে দেয় না।

“পল্লী বিদ্যুৎ আমাদের সঙ্গে বৈষম্য করে। অথচ আমাদের কাছ থেকে সমান সার্ভিস চার্জ ও মিটার ভাড়া নেওয়া হয়।”

তিনি বলেন, “গত তিন-চার দিন ধরে গড়ে চার-পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পাই না। খুব কষ্টে আছে গ্রামের মানুষজন।”

ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোশফিকুর রহমান স্বপন বলেন, এক দুঃসহ জীবন কাটাচ্ছে গ্রামের মানুষ। গ্রামে বিদ্যুৎ থাকেই না। দিনে মাঝে-মধ্যে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আসে।

তিনি অভিযোগ করে বলেন, “পল্লী বিদ্যুৎ নিরবচ্ছিন্ন সেবা না দিয়েই আমাদের কাছ থেকে পুরো সার্ভিস চার্জ ও মিটার ভাড়া নিচ্ছে।”

সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা সেলিম আহমদ বলেন, গত এক সপ্তাহ ধরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। দিনে রাতে সমানতালে লোডশেডিং চলছে। আগে কম সময় হলেও এখন টানা দেড় থেকে দুই ঘণ্টা চলে লোডশেডিং। এতে শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও রোগীদের নিয়ে স্বজনরা বিপাকে আছেন।

সুনামগঞ্জ পৌর শহরের প্রিয়জন কম্পিউটারের পরিচালক সুমন মিয়া বলেন, “আমাদের ব্যবসা পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে আমরা নির্বিঘ্ন ব্যবসা পরিচালনা করতে পারছি না। গ্রাহকদের সময়মতো কাজ করে দিতে পারছি না। এতে আমরা এবং গ্রাহক উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, এক সপ্তাহ ধরে আমরা চাহিদার মাত্র ৫৫ ভাগ বিদ্যুৎ পাচ্ছি। এই বিদ্যুৎ দিয়েই পৌনে চার লাখ গ্রাহককে সেবা দিচ্ছি।

তবে গ্রামের গ্রাহক তুলনামূল কম বিদ্যুৎ পায় স্বীকার করে তিনি বলেন, “তারা রাতে ৩০ ভাগ বিদ্যুৎ পান। তবে আশা করি আগামী মাস থেকে এই সমস্যা থাকবে না।”

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, “হঠাৎ তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা বাড়ায় লোডশেডিং বেড়ে গেছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। এতে আমাদের জেলার প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহকের কিছুটা সমস্যা হচ্ছে।”