সিরাজগঞ্জের ৫ বিএনপি নেতা গ্রেপ্তার ঢাকায়
সিরাজগঞ্জ শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের পাঁচ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শ্যামলীর একটি বাসা থেকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে বলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান জানিয়েছেন।
গ্রেপ্তার অন্য নেতারা হলেন জেলা সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, উপদেষ্টা রাশেদ কবীর চান্দু, যুগ্ম-সম্পাদক শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
জেলা ডিবি পুলিশের এসআই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পহেলা সেপ্টেম্বর শহরের ইবি রোডে ভসানি মিলনায়ন চত্বরে দলীয় কার্যালয়ের পাশে প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশে পুলিশ ও বিএনপির সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
এই মামলায় সাইদুর রহমান বাচ্চু প্রধান আসামি; গ্রেপ্তার অপর চারজনও এ মামলায় এজাহারভুক্ত বলে তিনি জানান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ গ্রেপ্তারে নিন্দা জানিয়ে নেতাদের মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছেন।
