লক্ষ্মীপুরে আগুনে পুড়ে কিশোরীর মৃত্যু, দগ্ধ মা-ভাই
ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
লক্ষ্মীপুর সদরে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক কিশোরী পুড়ে মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে তার মা ও ছোট ভাই।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ড হয়।
মৃত আনিকা আক্তার (১৭) আনোয়ার হোসেনের মেয়ে।
আহত আনোয়ারের স্ত্রী জোৎসনা বেগম (৪০) ও ছেলে রোকন মাহমুদকে (৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রণজিৎ বলেন, “ আমরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এ সময় ঘরে থাকা আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।
