কুষ্টিয়ায় দুই ভাইকে অপহরণের পর হত্যা: ৫ জনের যাবজ্জীবন
নিজ নিজ শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়ে দুই ভাই অপহরণের শিকার হন; পরে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই সহোদরকে অপহরণের পর হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি গ্রামের প্রয়াত লোকমান হোসেনের ছেলে আসাদুল (২৭), একই এলাকার পাইলটের ছেলে সুমন (২২), মল্লিক মণ্ডলের ছেলে ছাবের ওরফে ডা. ছাবের (৪০), আব্দুল বাসেদের ছেলে জামিল আহম্মেদ (৩৬) এবং মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের হান্নান মণ্ডলের ছেলে মিনাল (২০)।
রায় ঘোষণার সময় আসাদুল ও মিনাল আদালতের কাঠগড়ায় ছিলেন। অপর তিনজন জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক।
মামলার নথির বরাতে পিপি অনুপ কুমার নন্দী জানান, মনিরুল ইসলাম (২৪) ও মাসুম (২০) কুষ্টিয়া সদর উপজেলার জগতী এলাকার প্রয়াত মনছুর আলীর ছেলে। তারা ২০১৭ সালের ৪ জানুয়ারি ঈদের পরদিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি এলাকায় নিজ নিজ শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়ে অপহরণের শিকার হন। পরদিন সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাটি মাঠের একটি হলুদ ক্ষেত থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন নিহতদের মা মরিয়ম খাতুন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই সমির উদ্দিন ওই বছরের ১৪ মে ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন।
পিপি অনুপ কুমার আরও বলেন, “যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, যা অনাদায়ে আরো এক বছর করে কারাবাসের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।”
