আমেরিকার ভিসা নীতি তাদের গতানুগতিক বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন-শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
আমেরিকার ভিসা নীতির কারণে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “আমেরিকার ভিসা নীতি এটি তাদের গতানুগতিক বিষয়। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, “এই সরকার জঙ্গিবাদ নির্মূল করেছে, দেশের সন্ত্রাস নির্মূল করেছে। আওয়ামী লীগ কোনো গান পাওয়ারে বিশ্বাস করে না। শুধু বিশ্বাস করে জনগণ ও তাদের শক্তিতে।
তিনি আরও বলেন, “শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প খুঁজতে গেলে কাউকেই পাওয়া যাবে না। তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।”
রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তীতে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল, সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাহিন মোনয়ারা হক, জেলা প্রশাসক গোলাম মাওলা, জেলা পুলিশ সুপার রাশেদুল হক।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
