২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত স্বজনকে দেখতে গিয়ে নিজেই লাশ

বোনের শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে স্বামীর বাইকে চড়ে যাচ্ছিলেন রোকসানা; পথে বাইক থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হন তিনি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 10:28 PM

Updated : 13 May 2023, 02:51 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বোনের শাশুড়ির মৃত্যুর খবর শুনে সেখানে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছেন এক নারী।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকির বাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর কভার্ডভ্যান চাপায় মারা যান ৪৫ বছর বয়সি রোকসানা বেগম।

রোকসানা কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৈতারপাড়া গ্রামের মনির খন্দকারের স্ত্রী।

কালীগঞ্জ থানার এসআই ইমরান তালুকদার জানান, রোকসানার বোনের বাসা গাজীপুর মহানগরের পূবাইলের মীরের বাজার এলাকায়। বৃহস্পতিবার সকালে তার সেই বোনের শাশুড়ি মারা যান।

তিনি জানান, এ সংবাদ পেয়ে শেষবারের মতো তাকে দেখতে রোকসানা ও তার স্বামী মনির খন্দকার মোটরসাইকেলে চড়ে মীরের বাজারের উদ্দেশে রওয়ানা হন।  বালীগাঁও ফকির বাড়ি এলাকায় একটি গাড়িকে পাশ কাটানোর সময় মনির মোটরসাইকেলের ব্রেক চাপলে রোকসানা সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

এসআই ইমরান তালুকদার বলেন, “এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”