চুয়াডাঙ্গায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
এনামুল বিদ্যুৎস্পৃষ্ট হলেও পরিবারের লোকজন টের পায়নি। পরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১টায় জীবননগর পৌর এলাকার গোপালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা।
নিহত এনামুল হোসেন (২২) জীবননগর ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্বজনদের বরাতে ওসি নাসির জানান, এনামুল শুক্রবার রাত ১২টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় তার অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তবে বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পারেননি। পরে রাত ১টার দিকে তার পরিবারের লোকজন চার্জ দেওয়ার স্থানে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।
তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
