খুলনায় যুবককে গুলি করে হত্যা
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।
খুলনায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে; যাকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলছে স্থানীয়রা।
নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রূপসা গরুরহাট কবরস্থান এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান জানান।
নিহত ২৪ বছর বয়সী রনি সরদার টুটপাড়া এলাকার আব্দুর রব সরদারের ছেলে। টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকতেন তিনি।
তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, রনি একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
ওসি কামাল বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় রনিকে গুলি করেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার গলার পাশে কানের নিচে গুলি লেগেছে।
“পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”
হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
রনির বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না জানতে চাইলে ওসি বলেন, “সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।”
