২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

ওই নিঃসন্তান দম্পতি শিশুকে নিজেদের কাছে মানুষ করতে নিয়ে এসেছিলেন। পাচারের উদ্দেশ্য নয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:33 PM

Updated : 23 Sep 2026, 05:53 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত এক শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম

কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সদর উপজেলার পৌর এলাকার শিবতলার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা।

গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী এলাকার সুজিআরা বেগম (৩৫) ও তার স্বামী মো. মানিকুজ্জামান (৩২)।

পুলিশ সুপার গৌতম কুমার বলেন, “সোমবার বেলা পৌনে ১১টার দিকে শিশটিকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে রান্নার কাজে যান তার মা নিপা খাতুন। এরপর বেলা ১২টার দিকে তিনি ঘরে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

“পরে পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারেন, শিশুটিকে নিয়ে তার প্রতিবন্ধী চাচাতো বোন শিরিন খাতুন হাজারবিঘী বাজারে কেক কিনতে যাচ্ছিলেন। পথে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে পাকা সড়কে বোরখা পরিহিত এক নারী শিরিনের কাছ থেকে শিশুটিকে নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়।”

পরে এ ঘটনায় শিশুটির বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার মামলাটি নথিভুক্ত হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

পুলিশ সুপার বলেন, “এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সুজিআরা বেগমকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যে শিবতলা এলাকার ইব্রাহিমের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

“সেখান থেকেই শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।”

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নিঃসন্তান দম্পতি শিশুটিকে নিজেদের কাছে মানুষ করতে নিয়ে এসেছিলেন। পাচারের উদ্দেশ্য নয়।”

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুপার গৌতম কুমার জানান।