ভোলায় প্রচারের সময় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
এ ঘটনায় একে অপরকে দুষছেন দুই দলের নেতাকর্মীরা।
ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের পাঁচজন ও বিএনপির চারজন আহত হয়েছেন।
খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় একে অপরকে দুষছেন দুই দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দৌলতখান থানার ওসি মো. সাইফুল ইসলাম শিকদার।
জামায়াতের আহতরা হলেন- মো. রাসেল, মো. নাঈম, মো. বিল্লাল, মো. মিজান এবং মো. সিফাত। তারা জামায়াতের ইসলামীর কর্মী। তারা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
বিএনপির আহতদের মধ্যে রয়েছেন- রাসেল (২৬), মিজান (৩৫) রাকিব (২৭) এবং রিয়াজ (২৭)। তারা মুন্সিরহাট এলাকার বাসিন্দা। তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-২ আসনের দৌলতখানে প্রতিদিনের ন্যায় জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল করিমের পক্ষে নেতাকর্মীরা প্রচার চালাচ্ছিল। এ সময় ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকরা আগে থেকে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এ সময় দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশ্রাফ উদ্দিন ফারুক অভিযোগ করে বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমাদের ১৩ নেতাকর্মী আহত হয়।
“গুরুতর আহত পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
হামলার অভিযোগ অস্বীকার করে দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, “জামায়াতের নেতাকর্মীরা প্রচারের নামে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
“হামলায় আহত আমাদের তিন কর্মী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
ওসি সাইফুল ইসলাম শিকদার বলেন, বিএনপি-জামায়াতের মারামারির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
