১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে স্বতন্ত্র প্রার্থী ‘হচ্ছেন’ পঙ্কজ নাথ

“শেষ মুহূর্তে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধে আমার স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জ্যেষ্ঠ নেতারা।”

বরিশালে স্বতন্ত্র প্রার্থী ‘হচ্ছেন’ পঙ্কজ নাথ

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 10:09 PM

Updated : 30 Nov 2023, 10:08 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পঙ্কজ নাথ। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে নৌকার মাঝির হিসেবে এই আসনে মনোনয়ন দেওয়ার পর অনেকটাই চুপ ছিলেন সংসদ সদস্য পঙ্কজ।

বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো তালিকায় যারা মনোনয়নপত্র তুলেছেন ও জমা দিয়েছেন সেখানে পঙ্কজ নাথেরও নাম রয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে পঙ্কজ নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি ডামি প্রার্থী রাখতে বলেছেন। কিন্তু আমাদের আসনে কোনো ডামি প্রার্থী দিতে পারেননি শাম্মী আহমেদ।

“তাছাড়া শাম্মীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকলে তো প্রার্থিতা বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে শেষ মুহূর্তে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধে আমার স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জ্যেষ্ঠ নেতারা। সেখানে এখানে শাম্মীর লোকজনও ছিলে।”

এই আসনে শাম্মী আহমেদ, পঙ্কজ নাথ ছাড়াও জাতীয় পার্টির মিজানুর রহমান, মুক্তি জোটের মো. আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হৃদয় ইসলাম চুন্নু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই দলীয় রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন মেহেন্দিগঞ্জ-হিজলার দুইবারের সংসদ সদস্য পঙ্কজ।

মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে জন্ম নেওয়া পঙ্কজ দেবনাথের বর্তমান বাড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সোনামুখী গ্রামের উত্তর বাজারে। এখানেই তার বেড়ে উঠা। ছাত্রজীবনেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি ছাত্রলীগের প্যানেল থেকে জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। পরে তিনি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি টানা ১৭ বছর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি পরিবহন ব্যবসার সঙ্গেও যুক্ত।  

আরও পড়ুন:

পুরানো খবর:

পঙ্কজ-শাম্মী দ্বন্দ্ব কতদূর গড়াবে

পুরানো খবর:

সংসদ নির্বাচনেও নৌকা পেলেন না সাদিক, হারালেন পঙ্কজ

পুরানো খবর:

বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?

পুরানো খবর:

বরিশাল সদরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ