২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দখলদারি বন্ধ হয়নি, দখলবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দখলদারি বন্ধ হয়নি, দখলবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লার দেবিদ্বারে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 10:13 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

দেশে দখলদারি বন্ধ হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, “দেশে দখলদারি আগের মতই আছে, চাঁদাবাজিও আগের মত আছে, শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।”

এ সময় হাসনাত আবদুল্লাহ আলেমদের উদ্দেশে বলেন, “আপনারা খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। 

“একটি চক্র, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রপাগান্ডা ছড়াচ্ছে। এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হক্কের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, “কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগনোর চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।” 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে এবং মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় সভার আরো বক্তব্য দেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন।

পরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।