২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পারিবারিক বিবাদে ‘বিরক্ত’ তরুণীর ‘আত্মহত্যা’

প্রতিদিনের পারিবারিক বিবাদে তিনি মানসিককভাবে ভেঙে পড়েন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:50 PM

Updated : 19 Jun 2023, 07:50 PM

কুমিল্লার হোমনায় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ বলছে- পারিবারিক অশান্তিতে ‘ত্যক্ত-বিরক্ত হয়ে’ ওই তরুণী আত্মহত্যা করে থাকতে পারেন।

রোববার বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সালমা আক্তার নামের ২১ বছর বয়সী ওই তরুণী উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। পাশাপাশি এজেন্ট ব্যাংকে চাকরি করতেন।

হোমনা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “প্রতিনিয়ত পারিবারিক কলহ-বিবাদে মেয়েটির মনে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে পারিবারিক অশান্তি থেকে সৃষ্ট হতাশায় তিনি আত্মহত্যা করতে পারেন।

“তবুও তার প্রেমিক সাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানায়, সালমার মা ও ভাবির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বাবাহীন পরিবারে এমন অশান্তি তিনি পছন্দ করতেন না। প্রতিদিনের পারিবারিক বিবাদে তিনি মানসিককভাবে ভেঙে পড়েন। রোববার সকালেও মা-ভাবির ঝগড়া বাধে, তাতে বিরক্ত হয়ে নাস্তা সেরেই কর্মস্থলে যান সালমা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন জানান, সালমা বিকালে বাড়ি ফিরে দেখেন- তখনও ঝগড়া বিবাদ চলছে। ফলে দুপুরের রান্না হয়নি। রাগ করে সালমা কর্মস্থলে ফিরে যান। সেখান থেকে তিনি প্রেমিক সাকিলকে ভিডিও কলে রেখে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

সাকিল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সালমাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্ত ততক্ষণে সালমার দেহ নিথর হয়ে যায়। পরে পুলিশ এসে সালমার লাশ উদ্ধার করে, পাশাপাশি তার মোবাইল ফোন জব্দ করা হয়।