২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে শিশুকে ‘ধর্ষণ’, প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

রক্তক্ষরণের কারণে শিশুটিকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 12:19 AM

Updated : 10 Dec 2022, 12:19 AM

শেরপুরের ঝিনাইগাতীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মো. কবির আলী ওরফে নক্কী (৬০) নামের ওই ব্যক্তি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের প্রয়াত আমজাদ আলীর ছেলে।

বর্তমানে শিশুটি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

মামলার বরাতে ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভুঁইয়া জানান, গত মঙ্গলবার [৬ ডিসেম্বর] বিকালে চাপাঝোড়া গ্রামের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী সম্পর্কের দাদা কবির আলী শিশুটিকে ডেকে পাশের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মেরে মাটির নিচে পুঁতে রাখার ভয় দেখান তিনি।

ওসি জানান, এরপর শিশুটি ভয়ে কাউকে কিছু না বলে পাশের ভালুকা গ্রামে বোনের বাড়িতে চলে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে বাবা-মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের বিষয়টি জানিয়ে দেয়।

মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার [৮ ডিসেম্বর] সন্ধ্যায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে ওসি জানান।