২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আদিবাসী শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

মেয়েকে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2024, 05:41 PM

Updated : 02 Apr 2024, 06:27 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সপ্তম শ্রেণি পড়ুয়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন।

আসামি ৩৫ বছর বয়সী মো. ইব্রাহিম ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।

মেয়েটির বাবা বলেন, তিনি কাজে বাইরে ছিলেন। বিকালে তার স্ত্রী বাড়ির পাশের ক্ষেত থেকে ছাগল আনাতে যান। এ সময় মেয়েকে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ের চিৎকারে তার মা দৌড়ে বাড়িতে গেলে ইব্রাহিম পালিয়ে যায়।

তিনি আরও বলেন, “আমি বাড়ি ফিরে মেয়ে ও আমার স্ত্রীর কাছে ঘটনা শুনে এলাকার লোকজনদের জানাই। তারপর থানায় মামলা দায়ের করি। আমি এর বিচার চাই।“

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইব্রাহিমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।