১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে জাবিতে কর্মবিরতি

আরও দুই দিন অর্ধদিবস করে কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 04:40 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মবিরতি শুরু করেন।

এর আগে তিন দাবিতে ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস করে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে; তবে চলমান পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থ মন্ত্রণালয়ের জারি করা বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মবিরতি পালন হয়েছে।

“আমরা চাই আগের পেনশন স্কিম চালু করা হোক। কর্মবিরতি চলাকালীন পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে। আগামী দুই দিন যথারীতি এই কর্মবিরতি চলবে।”

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৫, ২৬, ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে; তবে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

তবে ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে; এই সময় সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ করে দেওয়া হবে।

১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। ১ জুলাই থেকে নিয়োগ পাওয়ারা এই স্কিমের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন।