বগুড়ায় তারেক রহমানের বাসা প্রস্তুত, ধোয়ামোছা হচ্ছে পার্টি অফিস
আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিজ জেলায় যাবেন বলে জানিয়েছেন দলটি মিডিয়া সেলের এক নেতা।
আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে তার বাসার যাবতীয় সংস্কার শেষে আসবাবপত্র প্রস্তুত করা হয়েছে। এখন চলছে বিএনপির জেলা পার্টি অফিস ধোয়ামোছার কাজ।
তারেক রহমান শহরের সূত্রাপুরে তার বাসায় উঠবেন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
মঙ্গলবার সকালে বাসাটি ঘুড়ে দেখা গেছে, মরিচা পড়া ও রং উঠে যাওয়া বাসাটি এখন ঝকঝকে তকতকে। ভেতরে শোবার ঘর, ড্রয়িং রুমসহ অন্য কক্ষগুলো সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে। এ পথ দিয়ে যে কেউ গেলে এক পলক বাসাটির দিকে চোখ বুলান।
আবার কেউ কেউ বাসাটি দেখতে যাচ্ছেন। এক সময় এই বাসাটিতে রাত্রিযাপন ছাড়াও সময় কাটিয়েছে তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর তিনি বগুড়ায় আসবেন। তাকে বরণ করে নিতে অপেক্ষায় বগুড়াবাসী।
দুপুরে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, তারেক রহমানের জন্য একটি কক্ষ সংস্কার করা হচ্ছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ নেতাকর্মীরা কাজের তদারকি করছেন।
তারা জানান, আগে থেকেই তারেক রহমানের জন্য নির্ধারিত একটি কক্ষ ছিল। পার্টি অফিসে আসলেই তিনি ওই কক্ষে বসতেন। দীর্ঘদিন ধরে কক্ষটি জরাজীর্ণ ছিল। এখন কক্ষটি আধুনিকায়ন করা হচ্ছে।
রেজাউল করিম বাদশা বলেন, “১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে রওনা হবেন। জেলা পার্টি অফিসে তার জন্য নির্ধারিত কক্ষটি সংস্কার করা হচ্ছে। পার্টি অফিসে আসলে সেখানেই বসবেন তিনি।”
সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “তারেক রহমান কোথায় রাত্রিযাপন করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে সূত্রাপুরের বাসাটি প্রস্তুত করে রেখেছি। আগে উনি ওই বাসাতেই রাত্রিযাপন করতেন।”
বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, তারেক রহমান বগুড়ায় রাত্রিযাপনের পরদিন আলতাফুন্নেছা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার দোয়া মহফিলে যোগদান করবেন। পরে রংপুর যাওয়ার পথে জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।
সেইসঙ্গে জুলাই আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান।
