২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2024, 11:44 PM

Updated : 14 Apr 2024, 11:44 PM

আওয়ামী লীগ ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল নেই। এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। ওরা কোনো সংগঠন না, শক্তিশালীও না। এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায়, সরকার চালায়। এখন আর আওয়ামী লীগ নাই, এখন এরা পুলিশ লীগ হয়ে গেছে।” 

রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে নির্বাচনের ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন থাকলেই না বিরোধী দল আসবে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আসবে, তাই নির্বাচন ব্যবস্থাই থাকবে না।”

মির্জা ফখরুল বলেন, “অর্থনীতি শেষ, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বার বার বলছেন এখনো থামেন। মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন। নাহলে এই দেশটা আর টিকবে না। যে দেশে কোনো জবাবদিহিতা থাকে না, সেই দেশে কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না।”

সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপি নেতা বলেন, “কারও উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না। নিজের পায়ের ওপর নির্ভর করতে হবে; নিজের শক্তির ওপর নির্ভর করতে হবে; এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।

“ওমুক করে দেবে, তমুক করে দেবে- না, আমাদের নিজেকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার”, বলেন বিএনপির মহাসচিব।

রুহিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি আব্দুল হালিম, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ।