গাজীপুরে সড়কে গাছ ফেলে ‘ডাকাতি’, কোনো ‘ঘটনা ঘটেনি’ বলছে পুলিশ
পল্লী বিদ্যুতের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুটের ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা পল্লী বিদ্যুতের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুট করে নিয়ে গেছে।
তবে পুলিশের দাবি, কোনও ডাকাতির ঘটনা ঘটেনি। সেখানে ছিনতাই হয়েছে বলে শুনেছেন তারা।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাওনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায়।
বুধবার দুপুরে শ্রীপুর থানার মাওনা (চকপাড়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, ‘শিমলাপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়ে আমি কিছুই জানি না। আপনাদের (সাংবাদিকদের) কাছেই শুনলাম। তবে খোঁজ নিচ্ছি।”
ডাকাতের কবলে পড়া উপজেলার শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের ইনচার্জ নিরঞ্জন মণ্ডল (৫০) এবং লাইনম্যান তৌহিদুল ইসলাম (৩৮) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মাওনা জোনাল অফিসের অধীনে শ্রীপুরের শিমলাপাড়া অভিযোগকেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ বলেন, ইনচার্জ নিরঞ্জন ও লাইনম্যান তৌহিদুল রাত পৌনে ১০টার দিকে অফিস থেকে মাওনা ইউনিয়নের সিংদিঘী ও বাইলাবাড়ী গ্রামে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বৈদ্যুতিক লাইনে সমস্যা নিরসনের বের হন।
“সেখান থেকে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে হাসিখালি সেতুর পাশে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতরা পল্লী বিদ্যুতের ওই দুই কর্মীকে মারধর করে শালবনের ভেতরে নিয়ে গজারি গাছের সঙ্গে বেঁধে রাখে।
“পরে ডাকাতরা তাদের কাছ থেকে একটি টিভিএস মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং আরও দুটি মোবাইল লুটে নেয়। ডাকাতরা দুজনকে সড়কের পাশে জঙ্গলে ফেলে রেখে ভোর ৫টার দিকে চলে যায়। সকালে এলাকাবাসী ও পথচারীরা তাদের উদ্ধার করে।”
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা শান্তনু রায় বলেন, এ ঘটনায় অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভিকটিমের (ভুক্তভোগীর) পক্ষ থেকেও আরেকটি অভিযোগ দেওয়া হবে।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, “রাতে ওই সড়কে পুলিশের মোবাইল টিম ডিউটিতে ছিল। তাদের কাছ থেকে জানতে পারলাম কোনও ডাকাতির ঘটনা ঘটেনি।
“তবে একটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন টান দিয়ে নিয়ে গেছে। কোনও ডাকাতির ঘটনা ঘটেনি। অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।”
