১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাগলের ঘরে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেতা, ধরল পুলিশ

“পুলিশ তার বাড়ি ঘিরে ফেললে আব্দুস সামাদ ছাগলের ঘরে লুকিয়ে পড়েন।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 06:57 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির ছাগলের ঘর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আব্দুস সামাদ গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হয়েছিলেন। ডিসেম্বরে তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।

ওসি বলেন, “নাশকতার উদ্দেশে আবদুস সামাদ পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। গোপন খবর পেয়ে তার এলাকায় অভিযান চালানো হয়।

“এক পর্যায়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেললে তিনি ছাগলের ঘরে লুকিয়ে থাকেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।”

তিনি বলেন, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অপরদিকে পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন-পুঠিয়া পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইবনে শায়েক রহমান ও সহ-সম্পাদক সিহাব ইবনে সেলিম স্মরণ।

তারা দুইজন সহোদর। তারা পুঠিয়ার স্টেডিয়াম পাড়ার সেলিম ইবনে টিপু হকের ছেলে। 

ওসি কবির হোসেন বলেন, “দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা রাজনীতির নামে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ করছিল। পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।”