অবরোধ-হরতালের বিরতির মধ্যে গাজীপুরে ট্রাকে অগ্নিকাণ্ড
পুলিশ জানায়, ঘটনাটি নাশকতা, না যান্ত্রিক জটিলতায় ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের বিরতির মধ্যে ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে।
নগরের সদর থানার ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকায় মঙ্গলবার দুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সামাদ জানান।
তবে আগুনের ঘটনাটি নাশকতা, না যান্ত্রিক জটিলতায় ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, দুপুরের চার-পাঁচজন দাক্ষিণখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খালি একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সামাদ বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, “সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি নাশকতা না যান্ত্রিক ত্রুটির জন্য হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
