যানজট এড়াতে করা নীলফামারী বাইপাস এখন ‘মরণ ফাঁদ’
যেহেতু বাইপাস তেমন কাজে আসছে না, তাই শহরের মূল সড়ক ধরেই অধিকাংশ যানবাহন চলাচল করে।
নীলফামারী জেলা শহরের বাইপাস সড়কের ৭ দশমিক ৭৪ কিলোমিটার অংশ পথচারীদের জন্য ‘মরণ ফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গার ২৪টি বাঁকের মধ্যে কয়েকটি ‘অতি ঝুঁকিপূর্ণ’। এসব বাঁকে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন; আহত হচ্ছেন চালক ও যাত্রীরা।
নীলফামারী শহরে যানজট নিরসনের লক্ষ্যে তিন বছর আগে বাইপাস সড়কটি প্রসস্থ করা হলেও ‘অতি ঝুঁকিপূর্ণ’ বাঁকের কারণে এ পথ ধরতে অনীহা প্রকাশ করেন ভারী যানবাহনের চালকরা। এমনকি হালকা গাড়ির চালকরাও এড়িয়ে চলার চেষ্টা করেন এ পথ।
যেহেতু বাইপাস তেমন কাজে আসছে না, তাই শহরের মূল সড়ক ধরেই অধিকাংশ যানবাহন চলাচল করে। ফলে যে স্বপ্ন নিয়ে এ সড়ক বাড়ানো হয়েছিলো, তা অধরাই রয়ে গেছে।
নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলা শহরের প্রবেশদ্বার মশিউর রহমান ডিগ্রি কলজের সামনে থেকে নটখানা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য সাত দশমিক ৭৪ কিলোমিটার। তিন দশমিক ৭০ মিটার প্রস্তের এটি ছিল একটি পুরাতন সড়ক। তিন বছর আগ পর্যন্ত তা ব্যবহার হতো স্থানীয় মানুষের চলাচলের জন্য।
শহরের যানজট নিরসনের লক্ষ্যে সেটিকে পাঁচ দশমিক পাঁচ মিটারে উন্নীত করে বাইপাস সড়কে রূপান্তর করে সওজ। ২০১৮ সালে ২৭ নভেম্বর নির্মাণকাজ শুরু হয় বাইপাস সড়কটির; শেষ হয় ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি।
তিন দশমিক ৭০ মিটার থেকে ৫ দশমিক পাঁচ মিটার প্রস্থ বৃদ্ধিকরণে মোট ব্যয় হয় ২৩ কোটি ৫৮ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে সৈয়দপুর হয়ে আঞ্চলিক সড়ক ধরে নীলফামারীর দিকে আসার পথে শহরের প্রবেশদ্বার মশিউর রহমান কলেজের সামনে শুরু হয় বাইপাস সড়কটি। এরপর জেলখানা, পাঁচমাথা, ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড়, মায়ার মোড়, শাহপাড়া, শিমুলতলী মোড়, টুপামারী বাইপাস মোড় হয়ে নটখানায় মূল সড়কের সঙ্গে সংযোগ হয়েছে সড়কটি। প্রায় আট কিলোমিটারের সড়কটিতে মোট ২৪টি বাঁক রয়েছে।
এর মধ্যে বাদিয়ার মোড় এলাকায় ৫০০ মিটারের মধ্যে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বাঁক রয়েছে পাঁচটি। শাহপাড়া দিঘিরপাড় থেকে শিমুলতলী মোড় পর্যন্ত ৭০০ মিটারের মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ বাঁক পাওয়া গেছে সাতটি। এ ছাড়া মায়ার মোড়, টুপামারী বাইপাস মোড় ও নটখানায় এলাকায় পাওয়া গেছে একটি করে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বাঁক।
এসব বাঁকের মধ্যে সবচেয়ে বেশি শিমুলতলী, টুপামারী বাইপাস মোড়, নটখানা, মায়ার মোড়, বাদিয়ার মোড়, শাহপাড়া, কাঁন্দুরা কবিরাজের বাড়ির মোড়সহ ওই এলাকায় আরও দুইটি বাঁক দুর্ঘটনাপ্রবণ। এসব বাঁকে ঝুঁকি নিয়ে জেলার ডোমার, ডিমলা এবং পঞ্চগড় পর্যন্ত যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বাইপাস সড়কে কথা হয় ট্রাক চালক মুরাদ হোসেনের সঙ্গে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩৫ বছর বয়সী এই শ্রমিক বলেন, দীর্ঘদিন থেকে নীলফামারী শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক নিয়ে ডোমার, দেবীগঞ্জ যাতায়াত করেন। চলার পথে প্রায়ই শহরের সড়কটিতে যানজটে পড়তে হতো।
“বাইপাস সড়কটি যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে এই পথটি ব্যবহার করছি। কিন্তু এই সড়কে একাধিক ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় ট্রাক চালাতে অনেক কষ্ট হয়। তাই ঝুঁকি এড়াতে শহরের প্রধান সড়কটিই বেশি পছন্দ করি।”
জেলা সদরের টুপামারী ইউনিয়নের ট্রাক চালক ৪০ বছর বয়সী রবিউল ইসলাম বলেন, “বাইপাস সড়কটিতে অনেক বড় বড় বাঁক। এসব বাঁকে বড় গাড়ি ঘুরোনো অনেক কষ্ট হয়। বাঁক ঘুরাতে অসংখ্যবার গাড়ি ব্যাক গিয়ারে নিতে হয়। লোড গাড়ি এভাবে সামনে এবং ব্যাক গিয়ারে নিতে গিয়ে গিয়ার ফাঁসে, চাকা ফাটে; বড় দুর্ঘটনারও ঝুঁকি থাকে।”
কুষ্টিয়া থেকে ইটবোঝাই ট্রাক নিয়ে নীলফামারীর বাইপাস সড়ক দিয়ে ডোমারে যাচ্ছিলেন মকবুল হোসেন। বাইপাস সড়কের শিমুলতলী মোড়ে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, “সামান্য এ সড়কে চলতে গিয়ে ২৪টি বাঁক অতিক্রম করতে হয়। এর মধ্যে আবার নয়টি বাঁক মরণ ফাঁদ। প্রায় ২৫ বছর যাবত ট্রাক চালাচ্ছি। এই নয়টি বাঁক অতিক্রম করার সময় বার বার সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হয় আমাকে। বাঁকগুলো অতিক্রম করার সময় প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে।”
বাইপাস সড়কের ইটাখোলা ইউনিয়নে শিমুলতলী মোড়ে পড়েছে ঝুঁকিপূর্ণ একটি বাঁক। ওই মোড়ে ব্যবসা করেন অন্তত ১০ জন ব্যবসায়ী। তাদের একজন শাহপাড়া গ্রামের জাহানূর ইসলাম বলেন, “রাস্তাটি অনেক আঁকাবাঁকা। এসব বাঁকে বাস-ট্রাক ঘুরতে পারে না। ঘুরানোর সময় অনেক লোড ট্রাকের চাকা ফাটে। মোড়ে দোকান নিয়ে আমরা ভয়ে থাকি।”
শিমুলতলী মোড়ের চা দোকানি ৩৫ বছরের ইয়াসমিন বেগম জানালেন, মোড়টিতে গাড়ি ঠিকমত ঘুরে না। অনেক ট্রাক ঘুরানোর সময় সামনে-পিছনে আসা-যাওয়া করে। এ অবস্থায় অনেক টায়ার ফেটে যায়, অনেক সময় মোড় ঘুরাতে গিয়ে অনেক গাড়ি উল্টে খাদে পড়ে।”
টুপামারী ইউনিয়নের শাহপাড়া গ্রামের বাসিন্দা মো. ভুট্টু বলেন, “শিমুলতলী মোড় থেকে শাহপাড়া গ্রাম পর্যন্ত আধা কিলোমিটারের মধ্যে সাতটি বাঁক আছে। এর মধ্যে চারটি বড় বাঁক। এসব বাঁকে চালকদের যেমন সমস্যা হয়, তেমনি সড়কের পাশে বাড়ি হওয়ায় আমরাও সমস্যায় আছি। ছোট-খাট অনেক দুর্ঘটনা ঘটছে। বড় ট্রাক-বাস এলে দিনে-রাতে আমরা ভয়ে থাকি।”
ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের স্বাধীন চৌধুরী বলেন, “এই সড়কটিতে অসংখ্য বাঁক থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় যানবাহন যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি অনেকে আহত হন। তিন বছরে ছোটখাটো অর্ধশতাধিক যানবাহনকে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে।”
সামাজিক সংগঠন নীলফামারী উন্নয়ন ফোরামের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সরকার বলেন, “বিভিন্ন প্রান্ত থেকে নীলফামারী শহর হয়ে প্রতিনিয়ত কয়েক হাজার ছোট-বড়, মাঝারি ও হালকা যানবাহন চলাচল করে। শহরের যানজট নিরসন করার লক্ষ্যে ওই বাসপাস সড়ক নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেটিতে বড় বড় বাঁকের কারণে যানবাহন চলতে সমস্যা হচ্ছে। ফলে এসব যানবাহন শহরের মূল সড়ক দিয়ে চলাচল করছে।”
“শহরের সড়কটি সংকীর্ণ হওয়ায় এসব যানবাহনসহ ইজিবাইক, মোটরসাইকেল ও রিকশাভ্যানের চাপে সর্বদা যানজট লেগেই আছে। এতে করে ওই বাইপাস সড়কের সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।”
তিনি মনে করেন, আঁকাবাঁকা বাইপাস সড়কটি সোজা করা জরুরি। কিছু জায়গা অধিগ্রহণ করে বাইপাস সড়কটি সোজা পথে কালিতলা হয়ে হরতকীতলা পর্যন্ত বাড়ানো হলে ভোগান্তি যেমন কমবে, তেমনি যানজটমুক্ত হবে জেলা শহরটি।
এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নীলফামারী জেলা শহরের বাইপাস সড়কের ৭ দশমিক ৭৪ কিলোমিটার অংশে বাঁকের কারণে যানবাহন চলাচলে সমস্যা হয়।
“এসব বাঁক সোজা করার বিষটি আমাদের নজরে আছে। আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, সেটি হয়ে গেলে খুব সহজে বাইপাস হয়ে যানবাহন চলাচল করতে পারবে।”
